মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ফিশিং বোটে তোলার সময় ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৯৬০ বস্তা ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পাচারে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি ফিশিং বোট জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে চট্টগ্রামের মীরসরাই থানাধীন ইছাখালী ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন মীরসরাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার স্থানান্তরের সময় অভিযান চালানো হয়। এ সময় ৯৬০ বস্তায় মোট ৪৮ হাজার কেজি ইউরিয়া সার, চারটি ট্রাক, একটি ফিশিং বোট ও তিন পাচারকারীকে আটক করা হয়।
তিনি জানান, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত যানবাহন ও বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

