তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি দিলেন উপজেলা প্রকৌশলী

তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি দিলেন উপজেলা প্রকৌশলী

কুমিল্লার লালমাই উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে মামলার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি, এমন মন্তব্যও করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) বিকালে লালমাই উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ ৮টি রুমের বাহিরে এলজিইডি লেখা স্টিকার দেখা যায়। পরে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে জানতে চান।

উপজেলা নির্বাহী অফিসার কিংবা সংশ্লিষ্টরা রুম ভাগ করে দিয়েছেন কিনা জানতে চাইলে প্রকৌশলী ক্ষেপে যান। বলেন, আমি প্রকিউরিটি এন্টিটি সেক্রেটারি, এই ভবন আমাদের। আমি ঠিক করবো কে কোথায় বসবে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি। আমি আপনার বিরুদ্ধে মামলা দেবো। এ সময় ভিডিও ধারণ করেন কয়েকজন সাংবাদিক। ভিডিওটি আমার দেশ-এর কাছে আছে।

এ বিষয়ে লালমাই উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা কক্ষ বরাদ্দ কমিটির সভাপতি হিমাদ্রি খীসা বলেন, ‘আমি উপজেলা পরিষদ কক্ষ বরাদ্দ কমিটির সভাপতি। আমি শুধু ধৈর্য ধরে দেখতেছি। কিছু বলবো না। উনি যা খুশি করতে থাকুক। উনি আমাকে বলেন, তিনি নাকি এই ভবনের মালিক।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন