বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব জেলা-উপজেলায় শিক্ষকদের নিয়ে ইফতার করছি। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলে আমার বিশ্বাস। নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। এজন্য শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বর্ধিত সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দেশের লাখও শিক্ষক-কর্মচারী গত ১৬ বছর একসঙ্গে বসে ইফতার করতে পারেননি। অনেকে জেল খেটেছেন। আন্দোলন গিয়ে শহীদও হয়েছেন। তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে পথভ্রষ্ট হয়েছেন কিছু শিক্ষক।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমাদের কাজ হলো বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো। একটি দল বিএনপির কিছু নেতাকর্মীকে চাঁদাবাজের তকমা দিতে চায়। কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি শহীদ জিয়ার হাতে গড়া বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য ফাতেমা খানম হেনা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শামীম আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটওয়ারী প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

