নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াই বাজারের পাশে এক মুসলিম নারীকে প্রতারণার মাধ্যমে বিয়ে করার অভিযোগ উঠেছে এক হিন্দু ইসকন সমর্থক যুবকের বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতারণার শিকার মাহমুদা (২৬) কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা এবং হিন্দু যুবক শিমুল (২৮)-এর বাড়ি নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়। ওই যুবক দেলিয়াই বাজারের একটি সেলুনে কাজ করে।
প্রায় তিন বছর আগে সামাজিক মাধ্যম টিকটকে তাদের পরিচয় হয় বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, পরিচয়ের পর হিন্দু যুবকটি ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। হিন্দু যুবক ওই মুসলিম নারীকে ফুঁসলিয়ে তার নিজের কাছে নিয়ে আসে এবং পরবর্তীকালে দেশের প্রচলিত আইনের তোয়াক্কা না করে ওই নারীকে শুধু শাখা সিঁদুর দিয়ে প্রতারণার মাধ্যমে বিয়ে করে এবং প্রায় নয় মাস একটি বাসায় একসঙ্গে থাকার পর ওই নারীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন হিন্দু যুবক।
এরপর তিনি অন্য এক হিন্দু নারীকে বিয়ে করেন এবং ওই মুসলিম নারীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে ভুক্তভোগী নারী জানান।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ওই নারী ও যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে দুজনকেই চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দেলিয়াই বাজারের পাশে হলেও ঘটনাস্থল লক্ষ্মীপুর জেলায়। তাই শিমুলের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ধর্ষণ মামলা হয়েছে এবং তাদের দুজনকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

