চট্টগ্রামের পটিয়ায় একটি প্রাচীন দিঘিতে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে অন্তত ৩০ লাখ টাকার মাছ মারা গেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের পাশে কালিচরণ দিঘিতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।
জানা গেছে, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের আওতাধীন কালিচরণ প্রাচীন দিঘিটি স্থানীয় এসএম নয়ন, জাহেদুল ইসলাম জুয়েলসহ কয়েকজন মাছ চাষের জন্য ইজারা নিয়েছেন। পাঁচ বছরের জন্য ইজারা নেওয়া দিঘিটির মাত্র এক বছর অতিবাহিত হয়েছে। প্রায় দুই একর আয়তনের বিশাল দিঘিটির মাছ এর আগে স্থানীয় এক ব্যবসায়ী ১৮ লাখ টাকায় কিনতে চেয়েছিলেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি জুয়েল।
তাদের দাবি অনুযায়ী, পুকুরে ২৫০–৩০০ মণ মাছ ছিল। বিষক্রিয়ার ফলে কাতলা, রুই, মৃগেল ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। অনেক পচা মাছ পানি থেকে তুলে মাটিতে পুঁতে ফেলা হয়েছে বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন।
ভুক্তভোগী এসএম নয়ন বলেন, পুকুরে বিষ প্রয়োগের কারণে আমাদের প্রায় সব মাছই মারা গেছে। বলা যায়, আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের উপযুক্ত বিচার দাবি করছি।
পটিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, হঠাৎ করে পুকুরে মাছ মারা যাওয়ার ঘটনা অস্বাভাবিক। বিষক্রিয়ার কারণেই মাছ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে অপরাধীদের বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

