ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, শিশু শ্রেণির ছাত্রী জান্নাত ক্লাসে থাকাকালে সুমাইয়া আক্তার নিজেকে তার খালা পরিচয় দিয়ে শ্রেণিশিক্ষকের কাছ থেকে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি প্রধান শিক্ষকের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে জান্নাতের মায়ের সঙ্গে যোগাযোগ করেন। পরে জান্নাতের মা বিদ্যালয়ে এসে জানান, আটক তরুণী তাদের কোনো স্বজন নন। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ সুমাইয়া আক্তারকে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
জান্নাত উপজেলার তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।
পুলিশ জানায়, আটক সুমাইয়া আক্তার দাবি করেছেন, তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে তিনি নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল শিকদার বলেন, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার বা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

