রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদারের নির্দেশ

রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অবৈধ অস্ত্র  উদ্ধারে অভিযান জোরদারের নির্দেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ সার্বিক আভিযানিক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ।

বিজ্ঞাপন

গতকাল বুধবার ৮ এপিবিএনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ প্রদান করেন।

এপিবিএন সূত্র জানায়, পর্যালোচনা সভায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বসবাসকারী সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পুলিশ সদস্যকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান ব্যাটালিয়ন প্রধান। এ সময় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান বেগবান করা এবং চিহ্নিত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, দেশ ও জাতির কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। ক্যাম্পের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আমাদের আভিযানিক জোর তৎপরতা অব্যাহত থাকবে।

কল্যাণ সভায় আত্মহত্যা প্রতিরোধে পুলিশ সদস্যদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্যও দেন অধিনায়ক। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনার আলোকে তিনি বলেন, জীবনের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। মানসিক বা পারিবারিক সমস্যায় পড়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া কোনো সমাধান নয়; এটি কোনো ধর্মেই সমর্থন করে না। আত্মহত্যায় শুধু একটি জীবনই ঝরে যায় না, পুরো পরিবার ধ্বংস হয়ে যায়।

সদস্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত, পারিবারিক বা আর্থিক যেকোনো সমস্যায় পড়লে সরাসরি আমাকে জানাতে পারেন। আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব।’

উক্ত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় ৮ এপিবিএনে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন