বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলমের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলমের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুশ্চি বাজারে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানান লালমাই উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু।

বিজ্ঞাপন

লালমাই থানা সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর কর্মী যুবদল নেতা ফরহাদের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়।

মোবাশ্বের আলম ভূঁইয়ার উপর হামলার প্রতিবাদে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি মাসুদ করিম।

তিনি বলেন, ‘এই হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। যারা এই হামলার সাথে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।’

লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু বলেন, ‘ঘটনা শোনার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের নেতা মনিরুল হক চৌধুরীর বদনাম করার জন্য কিছু লোক এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। যারা এই হামলা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম দৈনিক আমার দেশকে বলেন, ‘লালমাই ভুশ্চি এলাকায় যুবদল নেতা ফরহাদের নেতৃত্বে হামলা হয়েছে। এতদিন সবাই মিলেমিশে রাজনীতি করেছে, কিন্তু কি কারণে তাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে, তা বলতে পারছি না। এখনো অভিযোগ পাইনি।’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘নিজ দলের লোকেরাই এ হামলা করেছে। থানায় অভিযোগ দাখিল করব।’

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন