চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তৃণমূল মানুষের জন্য নির্মিত একটি উপস্বাস্থ্যকেন্দ্র দখলকারীদের হাত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ বাহিনী উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকালে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা কমিউনিটি ক্লিনিক দখলের অভিযোগে পুলিশ শারমিন আক্তার শাহানাজ নামে এক নারীকে আটক করেছে।
জানা গেছে, সিবিএইচসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের কাঁশারা কমিউনিটি ক্লিনিকটি স্থানীয় নোয়াব আলী ভূঁইয়া, মনোয়ারা ও মনির উদ্দিনের দেয়া জমির ওপর নির্মিত হয়। ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি উদ্বোধনের পর নিয়মিত ওই এলাকার মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে এখানে।
সম্প্রতি স্থানীয় আব্দুর রহিম ও শারমিন আক্তার শাহানাজ দম্পতি হাসপাতালটির জায়গা নিজেদের দাবি করে আসছেন। তারা এই দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে ক্লিনিকে স্বাস্থ্যসেবা বিঘ্নিত করা ছাড়াও কয়েকদিন আগে আদালতে মামলা দায়ের করেন।
১৪ জুন ওই দম্পতি লোকজন নিয়ে ক্লিনিকে এসে চিকিৎসককে মারধর করে স্বাস্থ্যসেবা বন্ধ করে দেয়। পরে ক্লিনিকর সামনে বেড়া নির্মাণ করে, যাতে কেউ ক্লিনিতে আসতে না পারে।
মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়ার নেতৃত্বে যৌথ বাহিনী ওই ক্লিনিকটি দখলমুক্ত করে স্বাস্থ্যসেবা চালু করেন। এ সময় অভিযুক্ত শারমিন আক্তার শাহানাজকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, ১৪ জুন হঠাৎ করেই ক্লিনিকটি বন্ধ করে দেয় আব্দুর রহিম ও শারমিন আক্তার শাহানাজ দম্পতি। আমরা কাগজপত্র সংগ্রহ করে মঙ্গলবার প্রশাসনের সহযোগিতায় দখলমুক্ত করে স্বাস্থ্যসেবা পুনরায় চালু করেছি। এছাড়া ওই ঘটনায় রোববার (২২ জুন) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া জানান, গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে মঙ্গলবার আমি যৌথ বাহিনীর সহায়তায় কাঁশারা ক্লিনিকটি দখলমুক্ত করেছি। সরকারি কাজে বাধাদানকারীদের আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

