মিরসরাইয়ে ৪ যানবাহনের সংঘর্ষ, নিহত ২ আহত ২০

মিরসরাইয়ে ৪ যানবাহনের সংঘর্ষ, নিহত ২ আহত ২০

মিরসরাইয়ে ভোররাতে ৪টি যানবাহনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। আহতের মধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছরা বাজারের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মুশিরাবাদ গ্রামের লতিফ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩৫)। অন্যজন হলেন জেলার পশ্চিম মাদারবাড়ি থানার পুরা মসজিদ গ্রামের শাহ আলমের ছেলে সোহাগ (৩৫)।

আহতরা হলেন শাহরিয়ার (১৮), শারমিলা (১৬), রোলামা (১২), উম্মে ছালমা (১৬), আলমিয়া (১৪), মারিয়া (১৫), কামরুজ্জমান (৪২), আবদুর রশিদ (৫০), আয়েশা আক্তার (৪২), মিজান উদ্দিন (৬৩)। আহত বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোররাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নীরব পরিবহনের একটি বাস শ্যামলী পরিবহনের বাসকে চাপ দেন। এতে নীরব পরিবহনের বাসটি মহাসড়কের আইল্যান্ড পার হয়ে চট্টগ্রামমুখী হয়ে গেলে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। অপরদিকে শ্যামলী পরিবহনের বাসটিকেও ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। এতে চারটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় বাসের প্রায় ২০ জন যাত্রী। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক বোরহান বলেন, ভোররাতে মহাসড়কের মিঠাছরা বাজার এলাকায় চারটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন