মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

চাঁদপুরের মতলব উত্তরে তিন সন্তানের জননী হাসনেহেনা আক্তার (৩০) নামে একজনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের জামতলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক শাহাবুদ্দিনকে (৪৬) থানায় নেওয়া হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, অন্য এক নারীর সঙ্গে স্বামীর পরকীয়ার জের ধরে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। এর প্রতিবাদ করায় হাসনেহেনাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতো বলেও দাবি স্বজনদের।

নিহতের খালা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সালমা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ভাগনি অত্যন্ত মেধাবী ও ধৈর্যশীল ছিল। তার স্বামীর অন্য এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি আমাদের কথা শোনেননি। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলছিল। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টাও করা হয়েছিল।

নিহতের মা আফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ তদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন