জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির রিকশা র‌্যালি, বিএনপির গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির রিকশা র‌্যালি, বিএনপির গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসকে সামনে রেখে চট্টগ্রামে রিকশা র‌্যালি ও গণমিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় ছাত্রশক্তি এবং মহানগর বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে নগরের পাঁচলাইশ এলাকা থেকে শতাধিক রিকশা নিয়ে রিকশা র‌্যালি বের করেন এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ৪ আগস্টের আন্দোলনে রিকশাচালকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অবদানের স্বীকৃতি জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানায় সংগঠনটি।

বিকেল ৩টায় জাতীয় ছাত্রশক্তি গণমিছিল বের করে। এ সময় নেতাকর্মীরা শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে স্লোগান দেন এবং তাঁর ছবি প্রদর্শন করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মীর শোয়াইব ও সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন।

অন্যদিকে, বিকেল ৩টায় নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল বের করে মহানগর বিএনপি। এতে অংশ নেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।

গণমিছিল থেকে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালনের আহ্বান জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন