কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে টেকনাফ পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম ওরফে বাদশাও রয়েছেন।
বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন—টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডেইল পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে ও পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম ওরফে বাদশা, টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া এলাকার শামসুল আলমের ছেলে কফিল উদ্দিন এবং মৌলভী পাড়া এলাকার আবুল বাশারের ছেলে রবি আলম।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে যে পৌর ডেইল পাড়া এলাকার চিহ্নিত মাদকচক্রের সদস্য মনির আলমের বসতবাড়িতে ইয়াবা কেনাবেচার প্রস্তুতি চলছে। এমন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা দামের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ হাজার ২০০ টাকা এবং ৪টি মোবাইল ফোনসহ উক্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, কোস্ট গার্ড ইয়াবাসহ আটক তিনজনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় কোস্ট গার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিদের কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

