মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও দুটি ট্রাকসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে স্থানান্তরকালে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। ৩০ হাজার কেজি সারের পাশাপাশি পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক এবং দুই পাচারকারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত সার, ট্রাক ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

