সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধে জনদুর্ভোগ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

সিএনজির ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধে জনদুর্ভোগ
প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তন্ময় চন্দ্র (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় দীপ দেবনাথ (১৬) নামে আরও এক পরীক্ষার্থী আহত হয়েছেন।

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-মাইজদী মহাসড়কের চৌমুহনী চৌরাস্তার বেগমগঞ্জ কৃষি ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তন্ময় চন্দ্র চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুরিপাড়া এলাকার কার্তিক চন্দ্রের ছেলে এবং স্থানীয় ডেল্টা জুটমিল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে তন্ময় তার বন্ধু দীপ দেবনাথের সঙ্গে বাইরে যান। বেলা ১১টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দেয়। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তন্ময়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। আহত দীপ দেবনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে তন্ময়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনতা প্রায় দেড় ঘণ্টা ঢাকা-মাইজদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বেগমগঞ্জ থানার ওসি মো. শামসুজ্জামান জানান, দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছেন। আহত শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন