চট্টগ্রাম নগরের বাকলিয়া ও সদর সার্কেল ভূমি অফিসের সাইনবোর্ডে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাইনবোর্ডটি পুড়ে গিয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার রাত ১টা ২০ মিনিটে নগরের বাদশা মিয়া রোডের চবির চারুকলা ইনস্টিটিউটের পাশে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি কাজী মোহাম্মদ সোলতান আহসান উদ্দিন। তিনি জানান, রাত একটা ২০ মিনিটে দুর্বৃত্তরা ভূমি অফিসের বাইরের সাইনবোর্ডে আগুন দিয়েছে। আমরা কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে ভূমি অফিসে আগুন দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, জিন্স প্যান্ট ও শার্ট পরা এবং মুখোশধারী এক ব্যক্তি দেয়ালের ওপর ওঠে একটি বোতল থেকে ভূমি অফিসের ওই সাইনবোর্ডে জ্বালানি ছিটাচ্ছেন। মুহূর্তেই তিনি আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যান। আগুনে পুরো সাইনবোর্ডটি পুড়ে কয়লা হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চকবাজার থানার ওসি ও জোনের এসি ঘটনাস্থলে পরবর্তীতে উপস্থিত হলেও ভূমি অফিসের কারো সহযোগিতা না পেয়ে চলে যান। তারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া সার্কেল সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি। তবে পরবর্তীতে যোগাযোগ করা হলে তিনি আর ফোন রিসিভ করেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

