মামলা নিতে গড়িমসি

দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারের আদেশ আদালতের

দাগনভূঞা থানার ওসিকে প্রত্যাহারের আদেশ আদালতের
ছবি: আমার দেশ

ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত। আদালতের নির্দেশের পরও মামলা রেকর্ডে অনিহার অভিযোগে এ আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক এ এন এম মোর্শেদ খান।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ সংবাদ নিশ্চিত করেন ওই আদালতের স্টেনোগ্রাফার মোহাম্মদ শামছুদ্দীন।

বিজ্ঞাপন

তিনি জানান, রবিবার দাগনভূঞা থানার মোমারিজপুর গ্রামের রাকিব হাসানের স্ত্রী বিবি মারজাহান আদালতে অভিযোগ করেন তাকে শারীরিক নির্যাতন করার অভিযোগে থানায় লিখিত আবেদন করলেও ওসি তা গ্রহণ করেননি। এর পর আদালতে মামলা করলে বিচারক এফআইর হিসেবে রেকর্ডের নির্দেশ দেওয়ার পরও ওসি তা উপেক্ষা করেন।

এ নিয়ে ভিকটিম মারজাহান আদালতে ফের দরখাস্ত দিলে বিচারক ওসিকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করতে জেলা পুলিশ সুপারকে আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বরাবর অনুলিপি প্রেরণ করেন।

আদালত আদেশে উল্লেখ করেন, ওসি তার কর্মকাণ্ডের কারণে দায়িত্বে থাকার অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।

এ ব্যাপারে জানতে মুঠোফোনে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করেও কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন