কুবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহাত শীলা

অপ্রতিমের বাবার দোকানে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ

অপ্রতিমের বাবার দোকানে বিনা বেতনে কাজ নিয়েছিলেন ফাহাদ
ছবি: আমার দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আসামি মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬) হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন আগে অপ্রতিমের বাবার মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানে বিনা বেতনে কাজ নিয়েছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহাত শীলা।

সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে শিক্ষক সমিতির আয়োজিত মানববন্ধনে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

অধ্যাপক ড. কামরুন নাহাত শীলা বলেন, ‘আমাদের সঙ্গে যা ঘটে গেছে, সেটা নিঃসন্দেহে মর্মান্তিক। এই দুঃখ আমরা কীভাবে সামলে উঠব জানি না। আমি গতকাল রাত ১২টা পর্যন্ত ম্যাডামের বাসায় ছিলাম। আপনারা গণমাধ্যমেও দেখেছেন, উনার পাগলপ্রায় অবস্থা। এর মধ্যেও তিনি আমাকে তার কিছু সুনির্দিষ্ট দাবির কথা জানিয়েছেন।’

তিনি বলেন, ‘যে চারজন অভিযুক্ত ধরা পড়েছে, তাদের মধ্যে যে পাহাড়ের ছেলেটা আছে, সে ঘটনার প্রায় ১০ দিন আগে ম্যাডামের হাজবেন্ডের অফিসে, অর্থাৎ ম্যাডামের স্বামীর দোকানে বিনা বেতনে চাকরি নিয়েছে।’

অধ্যাপক শীলা আরও বলেন, ‘ম্যাডাম যখন ভাটপাড়ায় প্রক্টর ছিলেন, তখন এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে তিনি কয়েকজন কিশোরকে পুলিশে সোপর্দ করেছিলেন। তারা নাকি তুহিনের কিশোর গ্যাংয়ের সদস্য। এর মধ্যে দুজনকে ম্যাডাম পুলিশে সোপর্দ করেছিলেন।’

তিনি বলেন, ‘ম্যাডাম চান, পুলিশ তদন্ত করে বের করুক—এই প্রতিহিংসার জেরে তার ছেলের সঙ্গে এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে কি না। যারা ধরা পড়েছে, তাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক, তারা আদৌ অপ্রাপ্তবয়স্ক কি না, সেটিও ডিএনএ পরীক্ষার মাধ্যমে বের করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।’

এ ছাড়া তার জোর দাবি, আইন সংশোধন করে হলেও অপরাধীদের যেন শাস্তি নিশ্চিত করা হয়।

ফাহাদ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সালমানপুর (মেম্বার বাড়ি) এলাকার বাসিন্দা। তার বাবা মমিন হোসেন এবং মা জুলি আক্তার। তিনি সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন এলাকার বাসিন্দা।

জানা গেছে, অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় মোবাইল ফোনের যন্ত্রাংশের ব্যবসা করেন। ওই দোকানেই হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন আগে ফাহাদ বিনা বেতনে কাজ শুরু করেছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন