চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রী ও সন্তানের সামনে এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে সন্ত্রাসীরা সাংবাদিক ইলিয়াছ ভূঁইয়ার ওপর হামলা ও অপহরণের চেষ্টার ঘটনায় আদালতে মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্তের জন্য চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার ওসিকে নির্দেশ দিয়েছেন।
গত ২ জুন সোমবার হামলার শিকার সাংবাদিক ইলিয়াছ ভূঁইয়া বাদি হয়ে সুনির্দিষ্ট ১০ জনের নাম উল্লেখ করে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ১ আদালতে মামলা করেন। তিনি পাক্ষিক উত্তর চট্টলা ছাড়াও দৈনিক ঢাকা প্রতিদিনে সীতাকুণ্ড প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
আসামিরা হলেন- হেদায়েত উলাহ, ফোরকান আবু, কাইয়ুৃম চৌধুরী, কৃষ্ণ চন্দ্র দাস, নজরুল ইসলাম, ইমরান খান, রুবেল আনসারী, শাহরিয়ার শুভ, মুসলেহ উদ্দিন ও শিমুল কুমার চৌধুরী প্রকাশ লিটন।
মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌরসভার নামার বাজার এলাকায় একটি শতবর্ষী পুকুর ভরাটের একটি সংবাদ উত্তর চট্টলা পত্রিকায় প্রকাশ করা হয়। এই সংবাদ প্রকাশের জের ধরেই সীতাকুণ্ড পৌরসভা সদরে উত্তর চট্টলা অফিসের সাইনবোর্ড ভাঙচুর করেও সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি। এরপর গত ১৫ মে বৃহস্পতিবার সকাল ৮টায় সাংবাদিক ইলিয়াছ ভূঁইয়া তার শিশু সন্তানের চিকিৎসার জন্য স্ত্রী ও আরেক সন্তানসহ ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে এসে কাউন্টারে টিকিট আনতে গেলে এ সময় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করে মারাত্মকভাবে আহত করেছে। তার স্ত্রী শিশু সন্তানদের নিয়ে স্বামীকে বাঁচাতে আসলে এ সময় সাংবাদিকের স্ত্রীকে ও তারা লাঞ্ছিত করে।
সাংবাদিকের সহধর্মিণী নাসিমা আক্তার আমার দেশকে বলেন, আমার অসুস্থ বাচ্চাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে পৌঁছালে সন্ত্রাসীরা আমার স্বামীকে অতর্কিত হামলা করে। আমি আমার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তারা আমার শ্লীলতাহানি করে এবং এক পর্যায়ে আমার স্বামীকে গাড়িতে করি অপহরণ করার চেষ্টা করে। এ সময় আশেপাশে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
চট্টগ্রাম আদালতের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, সাংবাদিকের উপর হামলা ও অপহরণ চেষ্টার ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলাটি জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
সাংবাদিক ইলিয়াস ভূঁইয়ার ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে সীতাকুণ্ড প্রেসক্লাব। প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক দৈনিক সংগ্রাম প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিএসসি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি প্রেসক্লাবের সদস্য সচিব সুলাইমান মেহেদী হাসান এক বিবৃতিতে এ নিন্দা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

