চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে একটি বিপন্ন প্রজাতির মেছো বিড়ালকে পিটিয়ে হত্যার পর বৈদ্যুতিক পিলারের সঙ্গে ঝুলিয়ে রাখার খবর পাওয়া গেছে। মঙ্গলবার মুছাপুর ১ নম্বর ওয়ার্ডের বশিরিয়া আবাসিক গলি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই এলাকার একটি মুরগির খামারে এসে মালিকের পাতা ফাঁদে আটকা পড়ে। পরে সেখানে বিড়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার পর রশি দিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ঝুলিয়ে রাখে স্থানীয়রা। পিলারে ঝোলানো মৃত প্রাণিটিকে দেখতে সকাল থেকে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা।
পরিবেশ সচেতনদের মতে, আবাসস্থল ধ্বংস হওয়া এবং খাদ্যের তীব্র সংকটের কারণে এই প্রাণিরা প্রায়ই লোকালয়ে চলে আসে। মূলত মেছো বিড়াল ইঁদুর ও সাপ খেয়ে কৃষকের উপকার করে। এই ধরনের প্রাণি নিধন প্রাকৃতিক ভারসাম্যের জন্য চরম হুমকি।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী, মেছো বিড়াল একটি সংরক্ষিত প্রাণি। এ ধরনের বন্যপ্রাণী হত্যা করা জামিন অযোগ্য অপরাধ। আইনের ৩৬ ধারা মোতাবেক, সংরক্ষিত বন্যপ্রাণী হত্যার দায়ে অপরাধীর সর্বোচ্চ ২ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং ১ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে।
উপকূলীয় বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জের কর্মকর্তা নিজাম উদ্দীন জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে বন বিভাগের লোক পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য ও তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

