চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় পলাতক স্বামী মো. মোছলেম উদ্দিনকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, ২৪ জুলাই ফরিদপুরের কোতোয়ালী থানার জোয়াইড় মোড় এলাকায় র্যাব-৭ চট্টগ্রাম এবং র্যাব-১০ ঢাকা’র একটি যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে মোছলেম উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করে। আজ র্যাবের সংবাদমাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান। তিনি বলেন, আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
মোছলেম উদ্দিন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মধ্যম বাগাচতর গ্রামের বাসিন্দা। নিহত গৃহবধূর সঙ্গে তার ১২ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
১৪ জুন স্বামী মোছলেম ও তার পরিবারের সদস্যরা সিএনজি কেনার জন্য ভিকটিমের ওপর টাকা আনার চাপ দেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে ঘরের একটি রুমে আটকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়।
৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই নৃশংস ঘটনায় নিহতের বাবা মো. নুরুল আফছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলায় মোছলেমসহ দুইজনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। স্থানীয়রা মানববন্ধন করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।
গ্রেপ্তারের পর মোছলেম উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

