‘৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে’ চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

‘৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে’ চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের হামজারবাগে এক প্রবাসী ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। বাড়ির মালিকের অভিযোগ, দুপুরে তার বিদেশফেরত ছেলেকে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ভয়েস রেকর্ড পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এক ব্যক্তি। নম্বরটি ব্লক করে দেওয়ার পর রাতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে তাদের ভবনের বাসিন্দাসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, বাড়িটি স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের শ্বশুর বাড়ি। ঠিক কি কারণে ঘটনাটি ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একাধিক টীম।

গতকাল সোমবার রাত ১১টায় নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফের বাড়িতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি প্রকাশ্যে আসে মঙ্গলবার দুপুরে।

জানা যায়, ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বড় ছেলে মোহাম্মদ শওকত দুবাই-প্রবাসী। ২৫ বছর ধরে তারা নগরীর হামজারবাগে নিজস্ব বাড়িতে থাকেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের শ্বশুর। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দুদিন পর গ্রেপ্তার হয়ে আজিজ এখন কারাগারে আছেন।

মোহাম্মদ ইউসুফ বলেন, আমার ছেলে শওকত দুবাই থাকেন। আমিও ৪০ বছর বিদেশে ছিলাম। কয়েক মাস আগে আমার ছেলে দুবাই থেকে দেশে আসে। সোমবার দুপুরে তার হোয়াটসঅ্যাপে কল ভয়েস দিয়ে এক ব্যক্তি বলেন, আমি কাতার থেকে বলছি। আপনাদের অনেক টাকা, ব্যবসা-বাণিজ্য রয়েছে। আমাকে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। আমি একটা ছোট ভাইকে পাঠাব। তার হাতে টাকাগুলো দিতে হবে। তার নম্বরও এসএমএস করে দেব। আর টাকা না দিলে সবাইকে প্রাণে মেরে ফেলব। আমার ছেলে বিষয়টি আমাকে জানানোর পর আমি বললাম উত্তর দেওয়ার দরকার নেই। তুমি ব্লক করে দাও। পরে অপর দিক থেকে ভয়েজটি মুছে দেওয়া হয়। এরপর রাত ১১টার দিকে আমাদের বাড়িতে গুলি করা হয়। দুটি গুলি বাড়ির গেটে লেগে আছে। এলাকা ও পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমি এখনও কোন মামলা করিনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি আরও বলেন, যখন গুলি করা হয় তখন বিকট শব্দ হয়। সবাই ভয়ে অনেকক্ষণ ঘরে বসে ছিলাম। পরে আমরা নিচে নামি এবং এলাকাবাসীও এসেছিল। গুলির সময় বাড়ির গার্ডকে গুলির ভয় দেখালে তিনি গেট বন্ধ করে দ্রুত ভেতরে চলে যান। এতে গুলিবর্ষণ করা ব্যক্তিদের চেহারা দেখতে পারেননি গার্ড।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, ‘রাতে হামজারবাগ এলাকায় লোডশিডিং থাকার সুযোগে একটি বাড়ি লক্ষ্য করে কে বা কারা দুই রাউন্ড গুলি করেছে। বাড়িটি স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজের শ্বশুরবাড়ি। ব্যবসায়ী শওকতের বাসা হিসেবে এলাকার লোকজন চেনে। আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। কারা গুলি করেছে আমরা তা তদন্ত করে দেখছি।’

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, দুই রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। আমাদের ধারণা আতঙ্ক সৃষ্টি করার জন্য গুলি করা হয়েছে। তবে ভয়েজ রেকর্ডসহ সবগুলো বিষয় আমরা তদন্ত করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন