কক্সবাজারের মহেশখালীতে সাম্প্রতিক সময়ে একের পর এক সহিংসতা ও অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব ঘটনার প্রতিবাদে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার বিকেলে মহেশখালী উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মহেশখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। খুন, হামলা, অস্ত্রের কারবার, মাদক ও মানবপাচারের মতো অপরাধের অভিযোগ সামনে এলেও এসব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে দাবি করেন তারা।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা তুলে ধরে বক্তারা বলেন, ৬ সেপ্টেম্বর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় স্থানীয় যুবক মনিরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।
৭ সেপ্টেম্বর হোয়ানকের কালাগাজীর পাড়ায় নিজ বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠে। ১১ সেপ্টেম্বর জেলা দলের গোলরক্ষক সাঈদীকে মোটরসাইকেল থেকে নামিয়ে হামলার অভিযোগ পাওয়া যায়।
এনসিপির নেতাদের প্রশ্ন, অল্প সময়ের ব্যবধানে এসব ঘটনা ঘটলেও জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি কতটা হয়েছে? তাদের দাবি, অপরাধের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। তবে এসব ঘটনায় পুলিশের তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান থাকলে তার ফলাফল না আসা পর্যন্ত কাউকে দায়ী হিসেবে চিহ্নিত না করার আহ্বানও জানান তারা।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, মহেশখালীতে অস্ত্রের ব্যবহার, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠলেও এর দীর্ঘমেয়াদি প্রতিরোধে কার্যকর উদ্যোগ প্রয়োজন। শুধু ঘটনার পর অভিযান নয়, অপরাধের উৎস চিহ্নিত করে নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর দাবি জানান তারা।
এ সময় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল স্থানে পুলিশের টহল বাড়ানো, অপরাধীদের দ্রুত শনাক্ত করা এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীন, মহেশখালী উপজেলা আহ্বায়ক মির্জা তারেক, সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব আলম, সিনিয়র সদস্য ইমাম শরিফ, যুবশক্তির সাদ্দাম আদিব, ছাত্রশক্তির শোয়াইব উদ্দিন সোলেমান, জেলা ছাত্রশক্তির সাজ্জাদসহ সংগঠনের নেতাকর্মীরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

