আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পরিবেশ খাতে আর লুটপাট হতে দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি, ফেনী

পরিবেশ খাতে আর লুটপাট হতে দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, পরিবেশ খাতে অতীতে যে ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত হবে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

রোববার ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে মাটি পুড়িয়ে ইট তৈরি পর্যায়ক্রমে বন্ধ করা হবে। তবে রাতারাতি এটি পরিবর্তন করা সম্ভব নয়। পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর হতে কিছুটা সময় লাগবে। তবে পরিবেশ রক্ষার স্বার্থে অবশ্যই ব্লক ইটের দিকে যেতে হবে।

দেশের পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সরকার জনজীবনের মানোন্নয়ন ও দূষণমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করা। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।

ঢাকা শহরের বর্তমান বায়ুমান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, ঢাকার বায়ু দূষণ বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। পরিবেশের উন্নয়ন ছাড়া জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব নয়। দূষণ কমানো এখন আমাদের জাতিগত দায়িত্ব। এটি শুধু স্বাস্থ্যের ক্ষতি করছে না, বরং দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে এবং মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে।

এ জন্য বায়ুদূষণ কমানো এখন কেবল সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির দায়িত্ব। পরিবেশ রক্ষায় সরকার কাজ করে যাচ্ছে, তবে এ ক্ষেত্রে সরকার ও জনগণসহ সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু বায়ুদূষণ নয়, শব্দদূষণ এবং নদী দূষণও নিয়ন্ত্রণে আনতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। কারণ পরিবেশ দূষণ দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং মানুষের জীবনমানকে ক্ষতিগ্রস্ত করে।

এছাড়া উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দেশের প্রকৃত উন্নয়ন চায়। মাঠ পর্যায়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...