কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালনকালে ৪ হাজার ৮৫০টি ইয়াবাসহ এক স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি মো. মাহবুবুর রহমান কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ড হিসেবে কর্মরত।
র্যাবের দাবি, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। অভিযানের সময় মাহবুবুর রহমানের কাছ থেকে ৪ হাজার ৮৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে র্যাব-৭ কার্যালয়ে নেওয়া হয়।
এ ঘটনায় মঙ্গলবার চট্টগ্রাম রেলওয়ে থানায় র্যাব-৭ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নূরুল হুদা বলেন, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একজন স্টুয়ার্ডকে ৪ হাজার ৮৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার করে র্যাব থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা চলছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

