২৪ বছর ধরে বন্ধ কারখানার ভেতরে মিলল যুবকের লাশ

২৪ বছর ধরে বন্ধ কারখানার ভেতরে মিলল যুবকের লাশ
চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সটি ২০০২ সালের ১ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২৪ বছর ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বাড়বকুণ্ড থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মৃত সাইমন (২৪) স্থানীয় ভায়েরখীল এলাকার লোকমান হোসেনের ছেলে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আবু হেনা মুস্তাফা কামাল জানান, কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক নিতাই চন্দ্র রায় জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কারখানার ভেতরে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে সাইমন বিদ্যুৎস্পৃষ্ট হন বলে তাদের ধারণা। পরে নিরাপত্তাকর্মীরা তারে জড়ানো অবস্থায় তার লাশ দেখতে পান। তিনি আরও দাবি করেন, এর আগেও বিভিন্ন সময় কারখানার ভেতর থেকে তারসহ নানা মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের তথ্য অনুযায়ী, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্সটি ২০০২ সালের ১ নভেম্বর থেকে পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলেও কারখানার পুরোনো স্থাপনা ও অবকাঠামো এখনো রয়ে গেছে। তবে এসব স্থাপনার বর্তমান নিরাপত্তাব্যবস্থা এবং বৈদ্যুতিক অবকাঠামোর অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন