চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, একটি শিশুকে জ্ঞান, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলে ভবিষ্যতের আদর্শ নাগরিক হিসেবে তৈরি করেন শিক্ষক। পরিবার থেকে রাষ্ট্র, প্রতিটি স্তরে নেতৃত্ব ও নৈতিকতার ভিত্তি তৈরিতে তাদের ভূমিকা অনস্বীকার্য। অথচ শিক্ষকদের যথাযথ সম্মান ও সঠিক মূল্যায়ন না করা হলে মেধাভিত্তিক, নীতিবান ও মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হবে না। শিক্ষকদের কেবল আনুষ্ঠানিক সম্মান নয়, রাষ্ট্র ও সমাজকে তাদের উপযুক্ত সামাজিক ও আর্থিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে সীতাকুণ্ডের মুরাদপুরস্থ শহীদ ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যাপীঠ প্রাঙ্গণে প্রয়াত প্রধান শিক্ষক শ্রী আশুতোষ চক্রবর্তীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সাবেক ও বর্তমান শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, জন্মের পর প্রতিটি শিশুই অজ্ঞ ও অবুঝ থাকে। শিক্ষা, শৃঙ্খলা, আদব-কায়দা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে শিক্ষকই তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। নিজেদের মেধা, শ্রম ও নিষ্ঠা দিয়ে শিক্ষকেরা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, যা পরবর্তীতে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলায়। তাই জাতি গঠনের এই কারিগরদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
তিনি আরো যোগ করেন, শিক্ষকদের সম্মান জানানো কেবল একটি আনুষ্ঠানিকতার বিষয় নয়। তাদের দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ, সামাজিক সুরক্ষা ও সঠিক আর্থিক মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন। শিক্ষকেরা মর্যাদার সঙ্গে দায়িত্ব পালনের সুযোগ পেলে শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি সমাজে নৈতিকতা ও সুশাসনের ভিত্তিও সুদৃঢ় হবে।
প্রয়াত প্রধান শিক্ষক আশুতোষ চক্রবর্তীর কর্মজীবনের স্মৃতিচারণ করে আসলাম চৌধুরী বলেন, তিনি ছিলেন সীতাকুণ্ডের শিক্ষা বিস্তারে নিবেদিতপ্রাণ এক মহান ব্যক্তিত্ব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে তার অসামান্য অবদান রয়েছে। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীর মধ্যে জ্ঞান ও সততার আলো ছড়িয়েছেন। তার হাতে গড়া শিক্ষার্থীরা আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীদের এই সাফল্যের মধ্যেই একজন শিক্ষকের সার্থকতা নিহিত।
আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এবং জসিম উদ্দিন ভূঁইয়া ও এমরান হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সদস্যসচিব মোহাম্মদ মোরছালিন।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নান, দিদারুল আলম, কর্নেল ফখরুদ্দিন, নিলাঞ্জনা এবং বর্তমান প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

