চট্টগ্রামে নতুন সিভিল সার্জন সাজেদুর রহমান, জাহাঙ্গীর আলম ওএসডি

চট্টগ্রামে নতুন সিভিল সার্জন সাজেদুর রহমান, জাহাঙ্গীর আলম ওএসডি

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমকে পদচ্যুত করে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে ন্যস্ত করা হয়েছে। একই পদে (চলতি দায়িত্বে) নতুন নিয়োগ পেয়েছেন কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাজেদুর রহমান।

বিজ্ঞাপন

গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (পার-২ শাখা) যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ডা. জাহাঙ্গীর আলমকে চট্টগ্রামের সিভিল সার্জন পদ থেকে সরিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। অন্যদিকে, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. মোহাম্মদ সাজেদুর রহমানকে পদোন্নতি ও বদলি করে চট্টগ্রামের সিভিল সার্জন হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী জানান, এটি একটি নিয়মিত ও চলমান প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। কেবল চট্টগ্রামেই নয়, ঢাকাসহ দেশের আরও কয়েকটি জেলায় সিভিল সার্জন পদে পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ২৪ আগস্টের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে ২৫ আগস্ট থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন