১০১ টাকার ইঞ্জেকশন কেনা হয় ১৩০১ টাকায়, ড্যাবের প্রতিবাদ

১০১ টাকার ইঞ্জেকশন কেনা হয় ১৩০১ টাকায়, ড্যাবের প্রতিবাদ

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা ড্যাবের সভাপতি ডা. এম এম হাসান বলেন, আমি সততায় বিশ্বাস করি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ড্যাব কুমিল্লাকে দুর্নীতিমুক্ত রাখছি। কেউ যদি দুর্নীতিতে জড়ায় তাহলে ড্যাব কেন্দ্রীয় শাখা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে। কুমিল্লা মেডিকেল কলেজের সকল অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

বিজ্ঞাপন

রোববার সকাল ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজের কনফারেন্স রুমে কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদে সভা করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুমিল্লা মেডিকেল কলেজ শাখা ও জাতীয়তাবাদী চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান মজুমদার বলেন, এখানে ক্রয়ে অনেক অনিয়ম হচ্ছে। এই সভা থেকে বলতে চাই আমরা ড্যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা মেনে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার।

এই ক্যাম্পাসে কোনো দুর্নীতি অনিয়ম চলবে না। আমরা চাই ক্যাম্পাস ভালো চলুক, নিয়মনীতি মেনে টেন্ডার হোক। সকল প্রকার চাঁদাবাজি বন্ধ হোক। তিনি বলেন, ১০১ টাকার ইঞ্জেকশন এখানে ১৩০১ টাকায় কেনা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা চাই ড্যাবের কোনো সদস্য যেন অনিয়মে জড়িত না হয়। যদি কেউ অনিয়মে জড়িত থাকে বা ভবিষ্যতে অনিয়মে জড়ায় তাহলে ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথাযথ ব্যবস্থা নেবে। কোনো দুর্নীতিবাজদের জায়গা ড্যাবে হবে না।

ড্যাবের কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দার বলেন, যেসব অভিযোগ এসেছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনিয়ম দুর্নীতি আমাদের চিকিৎসক সিন্ডিকেটই করে থাকে। এ অনিয়মের কারণে বঞ্চিত হয় অসহায় গরিব রোগীরা। বছরের একটা সময় দেখা যায় হসপিটালে বেসিক মেডিসিন সংকট। ফলে প্রাথমিক চিকিৎসা দেয়াও দায় হয়ে পড়ে।

আমরা চাই দুর্নীতি যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত হোক, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে ডা. মিনহাজুর রহমান তারেক বলেন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিএনপির অঙ্গসংগঠনে দুর্নীতির কিছু পেলে তা লিখিত আকারে অভিযোগ দিতে হবে।

ড্যাব কুমিল্লা নিয়ে অভিযোগ কেন্দ্রীয় ড্যাবে গেছে। আমরা চাই তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ড্যাবের ফান্ড রাইজের নামে কোনো টাকা তোলা যাবে না। আমার জানা ছাড়া যদি কেউ এসব করে থাকেন আমি কেন্দ্রীয় ড্যাবকে বলবো দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিন।

ড্যাব কুমিল্লা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মাসুম হাসান।

ডা. সফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. মাসুম ইমরান, ডা. নাসিম রেজা, ডা. এনামুল হক, গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা বেগম রুমা, ডা. গোলাম মাহবুব শিকদার, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান খোকন, ডা. হেলালুর রহমান, ডা. সজিবুর রশিদ, ডা. কাউসার আহমেদ, শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মঞ্জুর, অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবুল হাসান সৈকত, ডা. রিয়াজুল ইসলাম প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, এগুলো সত্য নয় । আমার নামে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...