অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ারের ইন্তেকাল

অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ারের ইন্তেকাল
ফেরদৌসি শাহরিয়ার রিতা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) ইন্তেকাল করেছেন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে তার চাচা ও নবীনগর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম (শিশু মিয়া) আমার দেশকে জানান, তিন দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ফেরদৌসি শাহরিয়ারকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তিনি মারা যান।

তিনি জানান, বৃহস্পতিবার মিরপুর-৬ এলাকায় জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর মিরপুর ১০ নম্বর কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফেরদৌসি শাহরিয়ার রিতা নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামের সাহেববাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শফিকুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা। তিনি প্রয়াত জাতীয় শিক্ষক নেতা প্রফেসর এম. শরিফুল ইসলামের ভাতিজি। তার স্বামী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের একজন কর্মকর্তা।

ফেরদৌসি শাহরিয়ার ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটনে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক বিশেষ দূত হুমায়ুন কবির, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, নবীনগর উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নবীনগর প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন