হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে চিকিৎসকদের মানববন্ধন
ছবি: আমার দেশ

শরীয়তপুর সদর হাসপাতালে ডা. নাসির উদ্দিনের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন চিকিৎসক, নার্স, ইন্টার্ন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। কর্মস্থলে নিরাপত্তাহীনতার মধ্যে চিকিৎসাসেবা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার, এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শরীফ মজুমদার, ইন্টার্ন প্রতিনিধি ডা. নাজমুল গাজী, নার্সেস এসোসিয়েশনের সভাপতি ফরহাদ হোসেন প্রমুখ।

কুমিল্লা মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. গিয়াস উদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন।

সমাবেশে এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, চিকিৎসকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন একটি জাতীয় সংকটে পরিণত হয়েছে।

হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম মজুমদার বলেন, যারা দিন-রাত মানুষের জীবন রক্ষায় কাজ করেন, তাদের ওপর হামলা কখনোই মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত বিচার নিশ্চিতের মাধ্যমে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।

মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ, চিকিৎসকদের জন্য বিশেষ নিরাপত্তা আইন প্রণয়নের দাবি জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন