লক্ষ্মীপুরে আজাদ হোসেন বাবলু ওরফে ফাইটার বাবলুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়। মাদক ব্যবসাকে কেন্দ্র করেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
রোববার (১ জুন) রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী-হানিফ মিয়াজিরহাট সড়কের ভূঁইয়া পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার (২ জুন) সকালে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
নিহত বাবলু ওই ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের ভূঁইয়া বাড়ির মোস্তফা ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাবলু মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। ১১ এপ্রিল রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে আসেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করেই প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। তার বাম হাতের কব্জি কুপিয়ে ছিন্নভিন্ন করা হয়। শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, কিছু দিন আগে একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে বাবলু জামিনে বের হয়ে আসে। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। ধারণা করা হচ্ছে মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

