সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পথের কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী। তিনি জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সব অবশিষ্ট বিষয়ের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনুষ্ঠিত হবে না। সংশোধিত পরীক্ষার সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা (মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ) ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে এবার অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

