চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মুনছুর (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আজ মঙ্গলবার বাদ আসর সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ-সংলগ্ন চৌধুরীপাড়া কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুর এলাকার বাসিন্দা সৈয়দ আবুল মুনছুর দীর্ঘদিন যাবৎ মুক্তিযোদ্ধা সংগঠন ও সমাজসেবামূলক কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন। সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে তিনি বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবুল মুনছুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক শোকবার্তায় মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার ক্ষেত্রে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। শোকবার্তায় তিনি সৈয়দ আবুল মুনছুরের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণেএবং দেশ-জাতির জন্য অনবদ্য অবদানের কথা স্মরণ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। একইভাবে সীতাকুণ্ড উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

