চবি রেজিস্ট্রারকে ‘প্রধান আমলা’ বলে হেয় করায় সাদা দলের নিন্দা

চবি রেজিস্ট্রারকে ‘প্রধান আমলা’ বলে হেয় করায় সাদা দলের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কর্তৃক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের ‘প্রধান আমলা’ বলে হেয় করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবি শিক্ষক সমাজের (সাদা দল) শিক্ষকবৃন্দ।

বিজ্ঞাপন

গতকাল বুধবার সাদা দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহাদাত হোছাইন ও যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ড. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

এর আগের দিন মঙ্গলবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক জাহিদুর রহমান স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়।

ওই বিবৃতিতে বলা হয়, গণ-অভ্যুত্থানের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রশাসন জুলাই যোদ্ধাদের সাথে অনবরত চাটুকারিতার মাধ্যমে নানান দাবি-দাওয়া পূরণ না করে ঝুলিয়ে রেখে গোষ্ঠী-স্বার্থ রক্ষায় নিয়োজিত। সম্প্রতি ছাত্রদের উত্থাপিত পদত্যাগ দাবীর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান আমলা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘মুর্খ ও অছাত্র’ বলে আখ্যায়িত করেছেন যা প্রকারান্তরে ২৪ এর গণ-অভ্যুত্থানকে অবজ্ঞার সামিল।

অপরদিকে সাদা দলের বিবৃতিতে বলা হয়, সাদা দলের শিক্ষকগণ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে, ফ্যাসিবাদির ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু, স্বাভাবিক শিক্ষার পরিবেশকে ভুলুণ্ঠিত করার প্রচেষ্টা আজও অব্যাহত রয়েছে। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কতিপয় শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনরত প্রশাসনের কারো কারো সাথে ভুল বোঝাবুঝির অবসানকল্পে আলোচনার পরিবেশ বজায় রেখে সঠিক পথনির্দেশনা প্রদানের চেষ্টা করছে, তখন কতিপয় শিক্ষক বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সম্মানিত পদ রেজিস্ট্রার এবং এ পদে দায়িত্বরত একজন সম্মানিত অধ্যাপককে ‘আমলা’ হিসেবে গণ্য করে সমাজে বিকৃতভাবে উপস্থাপন করছেন। এ ধরনের শব্দচয়ন শিক্ষক সমাজের জন্য অপমানজনক এবং নিন্দনীয়। সাদা দলের শিক্ষকগণ মনে করেন যে সংশ্লিষ্ট সকলেই শব্দচয়নের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং প্রশাসনের বিভিন্ন পদে থেকে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল আচরণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন