শরীয়তপুর শহরের প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলে এক যুবকের মাথায় কাফনের কাপড় বাঁধা অবস্থায় থাকার পাশাপাশি শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার দৃশ্যও ভিডিওতে দেখা গেছে।
শুক্রবার দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক দিয়ে মিছিলটি ট্রাফিক পুলিশ বক্সের দিকে যায়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সাইফুল মোল্লা ও ছাত্রলীগ কর্মী সাজিদ মোল্লাকে মিছিলের সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যায়। এ সময় সাজিদ মোল্লার মাথায় কাফনের কাপড় বাঁধা ছিল।
মিছিলের বিষয়ে সাজিদ মোল্লার একটি ফেসবুক পোস্টেও বক্তব্য পাওয়া গেছে। ওই পোস্টে তিনি দাবি করেন, প্রশাসনের নিরাপত্তা-ব্যবস্থা থাকা সত্ত্বেও মাথায় কাফন বেঁধে ‘টর্নেডোর মতো’ হঠাৎ মিছিল নিয়ে হাজির হওয়ার সক্ষমতা তাদের রয়েছে। একই পোস্টে তিনি দাবি করেন, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগ নেতা সাইফুল মোল্লার তত্ত্বাবধানে এবং ইকবাল হোসেন অপু মিয়ার নির্দেশনায় মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মিছিল চলাকালে শহরের প্রধান সড়কে অটোরিকশা, রিকশা ও ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে মিছিল যাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া মো. সায়েম (১৮) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি শরীয়তপুরের পালং থানার হাজরাসার এলাকার মো. সাইদ আকনের ছেলে।
পালং মডেল থানার ওসি মো. শাহ-আলম বলেন, জুমার নামাজের সময় কয়েকজন মিলে শহরের পুলিশ বক্সের এদিকে একটি মিছিল করেন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে একজনকে আটক করেছি। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

