নোয়াখালীর হাতিয়ার একাধিক মামলার আসামি মাদক সম্রাট মারজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ১২টার দিকে হাতিয়া উপজেলা শহরের জিরো পয়েন্টে হোটেল সৈকতের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মারজান (৫০) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীদিয়া গ্রামের মৃত হেজু মাঝির ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। একাধিকবার জেলও খেটেছে মারজান।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজুল আবেদিন হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় মারজান বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে দেড় কেজি গাঁজা পাওয়া যায়। মারজান দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা বলেন, মারজান পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

