আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত ৪১ লক্ষ ৬০ হাজার টাকার এই সহায়তার উদ্বোধন ও বিতরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।

মঙ্গলবার সকাল ১০টায় নগরীর ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন তিনি।

বিজ্ঞাপন

ঈদের আনন্দকে সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ইউসুফ মোল্লা টিপু।

তিনি বলেন, আর মাত্র তিনদিন পর পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন মাস্টাররোলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর ব্যক্তিগত ত্রাণ তহবিল হতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। আজ আমি আনুষ্ঠানিকভাবে এই উপহার তাদের হাতে তুলে দিতে পেরে নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।

তিনি আরও বলেন, এই সহায়তা শুধু আর্থিক নয়, এটি সরকারের পক্ষ থেকে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ। পরিচ্ছন্নতা কর্মীরা নগরীর সৌন্দর্য ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের জীবনযাপন অনেক সময়ই কষ্টসাধ্য। এই উদ্যোগ তাদের সেই কষ্ট কিছুটা লাঘব করবে বলে আশা প্রকাশ করছি।

উপহার পেয়ে কর্মীদের মধ্যে দেখা যায় আনন্দঘন ও আবেগময় পরিবেশ। অনেকেই খুশিতে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

একজন কর্মী আবেগঘন কণ্ঠে বলেন, আমরা সাধারণ মানুষ, আমাদের কথা কেউ তেমন ভাবে না। কিন্তু ঈদের আগে এই উপহার পেয়ে মনে হচ্ছে আমরাও গুরুত্বপূর্ণ। পরিবারের জন্য কিছু নিতে পারবো—এটাই সবচেয়ে বড় আনন্দ।

আরেকজন প্রবীণ কর্মী রফিক মিয়া বলেন, আমি প্রায় ১৫ বছর ধরে কাজ করছি। জীবনে অনেক ঈদ গেছে, কিন্তু এমন উপহার কখনো পাইনি। আজকের এই সম্মান ও ভালোবাসা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

পরিচ্ছন্নতা কর্মীদের ভাষায়, এই সহায়তা শুধু টাকার অঙ্ক নয়, বরং তাদের প্রতি সম্মান ও স্বীকৃতির প্রতীক। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই প্রথম এমন উদ্যোগ পেয়ে তারা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তরিকভাবে দোয়া করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূইঁয়া, মো. মাঈন-উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন