বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও অপারেশনাল সক্ষমতা আরো জোরদার করতে নতুন দুটি টেম্পোরারি অপারেশনাল বেস (টিওবি) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত টিওবি দুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।
উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন বলেন, নবনির্মিত টিওবি দুটির মাধ্যমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরো কার্যকর ও গতিশীল হবে। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্তবর্তী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিজিবির সক্ষমতা বাড়বে।
তিনি আরো বলেন, বিশেষ করে দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নতুন টিওবি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


