সোনাইমুড়ীতে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

 সোনাইমুড়ীতে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া এলাকার সামছুল হক মেম্বারের পুরাতন বাড়ির সামনে ক্ষেত থেকে প্রবাস ফেরত মো. সজীবের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে আবিরপাড়া এলাকার সামছুল হক মেম্বারের পুরোনো বাড়ির সামনে মাঠ সংলগ্ন ক্ষেত থেকে সজীবের লাশ উদ্ধার করেছে স্বজনরা। পরবর্তীতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সজীব আবিরপাড়া এলাকার মৃত মো. মালেক ও সেলিনা আক্তার দম্পতির ছেলে।

নিহতের বড় ভাই ওমর ফারুক সাহেদ সহ অপর স্বজনগণ অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে তাদের ঘরে খাবার খেয়ে কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হন সজীব। ঘর থেকে বের হওয়ার প্রায় ঘণ্টা খানেক পর বিকেলে ৫টার দিকে স্থানীয়রা তাকে মাঠের পাশে ক্ষেতের পানিতে পড়ে থাকতে দেখে, তাদের খবর দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ২৫০ সজ্জা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও অভিযোগ করেন, সপ্তাহখানেক পূর্বে সজীব প্রবাস থেকে দেশে আসেন। বেশ কিছুদিন থেকে সজিবের সঙ্গে স্ত্রী ও শ্বশুর পক্ষের লোকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কিছু লোক সজীবের শ্বশুরদের পক্ষাবলম্বন করে তাদের (সজীবদের) বিরুদ্ধে অবস্থান নেন। শাহেদ ও তার স্বজনদের অভিযোগ, সজীবের শ্বশুরের পক্ষের লোকজন ও এলাকার কিছু দুষ্কৃতকারীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

নিহতের চাচাতো ভাই রিয়াদ অভিযোগ করে বলেন, গত পরশু স্থানীয় একটি কিশোর গ্যাং সজীবকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তাদেরও হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অতি দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান নিহতর পরিবার ও স্বজনরা।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন