ইউপি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

ইউপি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে ‘চেয়ারম্যান নির্বাচিত হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেওয়ার’ ঘোষণা সংবলিত পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। এসব পোস্টারে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার ও মঙ্গলবার রাতে সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টারগুলো সাঁটানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে পোস্টারগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

দেয়ালে সাঁটানো পোস্টারে মো. খোকনকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, ‘আসন্ন ১ নম্বর সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) সিরাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো।’

এ ছাড়া পোস্টারে আরও লেখা হয়েছে, ‘বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’—এমন বিভিন্ন বক্তব্য।

তবে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন মো. খোকন। তার দাবি, পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে এসব পোস্টার লাগিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

মো. খোকন বলেন, ‘প্রায় পাঁচ-সাত দিন আগে আমার ছেলে অনিকে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে মুজাহিদ চড় মারে। বিষয়টি নিয়ে আমি প্রতিবাদ করি। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি। বিষয়টি জানতে পেরে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে মামলা করব।’

এ বিষয়ে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘পূর্বশত্রুতার কারণে এ ধরনের পোস্টার লাগানো হতে পারে।’

অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন