কুমিল্লায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে শিক্ষা অঞ্চল সভা

কুমিল্লায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ উপলক্ষে শিক্ষা অঞ্চল সভা

কুমিল্লায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজনের লক্ষ্যে শিক্ষা অঞ্চল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ও শিক্ষা অঞ্চল কমিটির প্রধান পৃষ্ঠপোষক ড. মো. জিয়াউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া শরীর ও মন ভালো রাখার মাধ্যম। চট্টগ্রাম থেকে ক্রীড়া কার্যক্রম শুরু করা আমাদের জন্য আনন্দের। আমরা যেন এটিকে কেবল সরকারি একটি কর্মসূচি হিসেবে না দেখি। আন্তরিকতার সঙ্গে এ টুর্নামেন্ট সফল করতে হবে। যার যার অবস্থান থেকে এটিকে সফল করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমার বিশ্বাস, আপনারা সবাই এ উদ্যোগে সহযোগিতা করবেন।

সভায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি, অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয়, খেলোয়াড় নির্বাচন, নিরাপত্তা, আবাসন, পরিবহন ও চিকিৎসাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, জেলা প্রশাসক রোজী আকতার, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম, কলেজ পরিদর্শক অধ্যাপক সিপন মিয়া, কুমিল্লা অঞ্চল কমিটির সভাপতি অধ্যাপক শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধাবী ফুটবলার তৈরি এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তুলতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মিশন ও ভিশন হলো লার্নিং উইথ এন্টারটেইনমেন্ট। শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে হবে। খেলাধুলাই পারে নতুন প্রজন্মকে মাদক থেকেও দূরে রাখতে। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন