আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কথা কাটাকাটির জেরে দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

কথা কাটাকাটির জেরে দাঁড়িপাল্লার তিন সমর্থককে মারধর

চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বেলা সাড়ে ১১টার দিকে একটি কেন্দ্রের বাইরে দাঁড়িপাল্লা প্রতীকের তিন সমর্থককে মারধর করেছেন বিএনপির কর্মীরা। বৃহস্পতিবার পটিয়া উপজেলার পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এতে রুহান (২১) ও মো. ইব্রাহিম (৩৮) মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অপর ব্যক্তির নাম জানা যায়নি। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কেলিশহর পূর্ব রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাজিম উদ্দিন জানান, এটি কেন্দ্রের বাইরের ঘটনা। আমার কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে। যেহেতু ঘটনাটি কেন্দ্রের বাইরে, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীই বিস্তারিত বলতে পারবে।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট শাহজাহান মহিউদ্দিন অভিযোগ করেন, বিএনপির লোকজন তাদের কয়েকজনকে মারধর করেছে। এতে তাদের মাথায় গুরুতর জখম হয়েছে।

সেনাবাহিনীর দায়িত্বে থাকা লেফটেন্যান্ট মো. তাহমিদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয় এবং লোকজনকে ছত্রভঙ্গ করা হয়। তবে ভোটগ্রহণ স্বাভাবিক ছিল। ভোটকেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি। কথা-কাটাকাটির জের ধরে বিএনপির লোকজন জামায়াতের তিনজনকে মারধর করেছে বলে তিনি জানান।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারহানুর রহমান জানান, বড় কোনো ঘটনা ছাড়াই দুপুর পর্যন্ত ভোটগ্রহণ চলছে। প্রত্যেক কেন্দ্রে টহল টিম, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন