মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১৫ মে) মিরসরাই থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ১৫ মে রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার গেইট এলাকায় চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট পরিচালনা করা হয়।

এসময় ফেনী-ট-১১-০৯৭২ নম্বরের একটি হলুদ ও নীল রঙের ট্রাক তল্লাশি করে ট্রাকের পেছনের মালামাল রাখার স্থান (ট্রাক বেড) থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকচালক আশরাফ উদ্দিন রাহাত (১৯) কে গ্রেপ্তার করা হয়। তিনি ফেনী সদর উপজেলার বালিঘর ইউনিয়নের সুন্দরপুর (মোল্লাবাড়ি) এলাকার আব্দুর রবের ছেলে।

মিরসরাই থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রাহাত জানান, তার সঙ্গে থাকা অপর চালক রকিবুল ইসলাম সুজন (৩১) বারৈয়ারহাট এলাকায় পৌঁছে কৌশলে ট্রাক থেকে নেমে যান এবং তাকে গাড়িটি চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যেতে বলেন। পরে পুলিশ চেকপোস্টে ট্রাকটি আটক করে মাদক উদ্ধার করে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন