ষড়যন্ত্র মোকাবিলায় দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

ষড়যন্ত্র মোকাবিলায় দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই: প্রধানমন্ত্রী
ফাইল ছবি

পতিত অপশক্তি দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। দেশের ভেতরের একটি গোষ্ঠীও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এমন ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে মেয়াদ উত্তীর্ণ কমিটির সংগঠনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর তাগিদও দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার রাতে চট্টগ্রামের একটি ৫ তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির ৭০০ নেতার সঙ্গে ক্লোজডোর বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে অংশ নেওয়া অন্তত তিনজন নেতার সঙ্গে কথা হয় আমার দেশের। তারা হলেন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন।

তারা জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আচরণই দলের পরিচয়। আমাদের প্রত্যেকের আচরণ এবং দলে কন্ট্রিবিউশন বিএনপির যোগফল। কেননা আমরা বিএনপিকে প্রতিনিধিত্ব করি।

তিনি বুঝিয়েছেন, আমরা প্রত্যেকে জনগণের সেবা করার জন্য যদি সেবক হওয়ার মানসিকতা রাখি, মানুষের উপকার করতে খুব পজিটিভ থাকি এবং দলীয় কর্মকাণ্ডে একে অপরের সঙ্গে সৌহার্দ্য রাখি, তাহলেই তার হাতকে শক্তিশালী করা হবে। এতে তার সরকারও শক্তিশালী হবে।

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসতে পারে স্মরণ করিয়ে দিয়ে তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন। কারণ পতিত শক্তি দেশের বাইরে থেকে যেমন ষড়যন্ত্র করছে, দেশের ভেতরের একটি মহলও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। ঘরে-বাইরে শত্রু মোকাবিলা করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। সে লক্ষ্যে নিষ্ক্রিয় থাকা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করার পাশাপাশি যেসব সংগঠনের কমিটির মেয়াদ অতিক্রম করেছে, সেগুলো ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা মানুষের মাঝে ছড়িয়ে দিতেও নির্দেশনা ছিল প্রধানমন্ত্রীর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন