আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সন্দ্বীপে ৩০ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরলেও অন্ধকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

সন্দ্বীপে ৩০ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরলেও অন্ধকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

তীব্র ঝড়ো বাতাসের বিচ্ছিন্ন হওয়া চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা দীর্ঘ ৩০ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। বুধবার দুপুর নাগাদ দ্বীপের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

বিজ্ঞাপন

হাসপাতালের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস আমার দেশকে জানান, বিদ্যুৎ না থাকায় পুরো হাসপাতাল অন্ধকারে ডুবে আছে। জরুরি চিকিৎসা সরঞ্জাম চালানো অসম্ভব হয়ে পড়েছে। আমরা দ্রুত সংযোগ সচলের জন্য অপেক্ষা করছি।

তবে হাসপাতালের এই অন্ধকারের জন্য অভ্যন্তরীণ ত্রুটিকে দায়ী করেছেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) তানভীর হোসাইন। তিনি জানান, হাসপাতালের সামনের লাইন সচল থাকলেও ভেতরে বিদ্যুৎ না থাকার কারণ হলো তাদের আভ্যন্তরীণ সংযোগের সমস্যা, যা হাসপাতাল কর্তৃপক্ষকেই মেরামত করতে হবে। তিনি আরও জানান ঝড়ো বাতাসের কারণে বিভিন্ন স্থানে মেইন লাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে তার ছিঁড়ে গিয়েছিল এবং কয়েকটি ট্রান্সফরমার অকেজো হয়ে পড়েছিল। আমাদের কর্মীরা নিরবচ্ছিন্ন কাজ করে মূল লাইনের সংযোগ সচল করেছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে দ্বীপের অর্থনীতিতেও বড় ধরণের প্রভাব পড়েছে। আকবর হাটের ক্ষুদ্র কোল্ড স্টোরেজ মালিকরা জানিয়েছেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হতে শুরু করেছে, ফলে তাদের বড় অংকের লোকসান গুনতে হচ্ছে।

ক্ষতির হাত থেকে রেহাই পাননি প্রান্তিক খামারিরাও। আমানউল্লাহ ইউনিয়নের পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী নিজাম উদ্দিন আক্ষেপ করে বলেন, টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এবং তীব্র গরমে খামারের মুরগিগুলো অসুস্থ হয়ে পড়ছে। ফ্যান ও পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ থাকায় এরই মধ্যে অনেক মুরগি মারা যাওয়ার উপক্রম হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার লোকসানের ঝুঁকিতে পড়েছি আমরা।

দ্বীপবাসীর দাবি, সন্দ্বীপের মতো বিচ্ছিন্ন এলাকায় বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন এবং ঝড়ের পর দ্রুত মেরামতের জন্য সরকারি দপ্তরগুলোর মধ্যে আরও বেশি সমন্বয় প্রয়োজন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন