ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ১৩ মে আকদ অনুষ্ঠানের মাধ্যমে তিনি কুমিল্লার এক চিকিৎসক কন্যাকে জীবনসঙ্গী করবেন।
শুক্রবার সকালে সাদিক কায়েমের হবু শ্বশুর আইয়ুব আলী ফরায়েজি বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার বড় মেয়ে একজন এমবিবিএস চিকিৎসক। খাগড়াছড়ি সদরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে সাদিক কায়েমের সঙ্গে আগামী ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে আকদ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আকদ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রী আনিকা ফরায়েজি একজন এমবিবিএস চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামে। তার বাবা আইয়ুব আলী ফরায়েজি একজন ব্যবসায়ী। তিনি রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসীবাংলা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতারা বিষয়টি শেয়ার করছেন। বিশেষ করে ডাকসু নেতা মাজহারুল ইসলামের তৈরি একটি বিয়ের কার্ডের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী চৌদ্দগ্রামে। সংগঠনের একজন প্রিয় মুখ ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে তাঁর জীবনের এই নতুন অধ্যায়ের খবরে আমরা সত্যিই আনন্দিত ও উচ্ছ্বসিত। বিশেষ করে কুমিল্লার একজন মেয়েকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় কুমিল্লাবাসীর আনন্দ আরও বেড়েছে।”
তিনি নবদম্পতির জন্য দোয়া কামনা করে বলেন, তাদের দাম্পত্য জীবন যেন ভালোবাসা, শান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, ১৩ মে ঢাকার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে কারা দাওয়াত পাবেন তা এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

