ছাত্রদল নেতা এস এম সোহেল হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মোহাম্মদ কায়েছকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার বাকলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাকলিয়া থানার পুলিশের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাকলিয়া থেকে গ্রেপ্তার করে প্রথমে আমাদের থানায় নিয়ে এসেছিল, পরে পটিয়া থানায় তাকে নিয়ে যাওয়া হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর হক আমার দেশকে বলেন, “আসামি এখনো বাকলিয়া থানায় আছে, এখনো আমাদের কাছে নিয়ে আসেনি।”
সোহেল ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সভাপতি এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা ও পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই।
জানা গেছে, আধিপত্য নিয়ে ২০২২ সালের ২২ এপ্রিল পটিয়া থানাধীন বুধপুরা বাজার এলাকায় মোহাম্মদ সোহেলকে (৩৮) ছুরিকাঘাতে খুন করে প্রতিপক্ষরা। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে বিএনপি নেতা কায়েছকে প্রধান এবং মোহাম্মদ শরীফ, মোহাম্মদ মনছুর, মোহাম্মদ সুমন, মোহাম্মদ জাহাঙ্গীর, জসিমুল আনোয়ার খান, মোহাম্মদ আজগর, কায়সার উদ্দিন জনিকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

