চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আজ সোমবার বেলা ২টায় শুরু হবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি জনসভা। এদিন বেলা আড়াইটায় হেলিকপ্টারযোগে আসবেন তিনি। জনসভায় যোগ দিতে সকাল থেকেই উত্তর চট্টগ্রামের সাতটি উপজেলার নেতাকর্মীরা সীতাকুণ্ড বাজারে জমায়েত হচ্ছেন।
দুপুর ২টার মধ্যে বিশাল ওই মাঠ কানায় কানায় পূর্ণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উত্তর চট্টগ্রামের এই জনসভায় ২ লাখ নেতাকর্মী জমায়েতের পরিকল্পনা করেছে জেলা জামায়াত।
সরেজমিনে দেখা যায়, জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সীতাকুণ্ড বাজার ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে ছেয়ে গেছে। বাজারের অলিগলিতে নেতাকর্মীদের আনাগোনা। বাজারের উত্তর ও দক্ষিণ পাশে সারি সারি বাস, ট্রাক, মাইক্রো পার্ক করা হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাইস্কুল মাঠের দিকে যাচ্ছেন। জনসভা ঘিরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। জনসভাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড ছাড়াও মিরসরাই, সন্দ্বীপ, রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারীসহ সাতটি থানা থেকে নেতাকর্মীরা জনসভায় যোগ দিচ্ছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

