আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লায় দাড়ি-বোরকা নিয়ে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দাড়ি-বোরকা নিয়ে মন্তব্যের প্রতিবাদে ওলামা পরিষদের সংবাদ সম্মেলন
ছবি: আমার দেশ।

বোরকা ও দাড়ি নিয়ে কটূক্তি করা ইসলাম ধর্মের অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, গত শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন দাড়ি ও বোরকা নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন। তিনি দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলে আটক করার কথা বলেন, যা সরাসরি ধর্ম অবমাননাকর এবং ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, এ ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। ইসলাম রক্ষায় প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এই বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কারণ এ ধরনের মন্তব্য ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য ক্ষতিকর।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি ও সর্বধর্মীয় সম্প্রীতি সভার ভাইস চেয়ারম্যান প্রফেসর এম হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা আব্দুস সালাম আজাদী, মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...